
নারায়ণগঞ্চের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি ছাইদুর ইসলাম (২৬)। তাঁর বাড়ি কক্সবাজার জেলার রামু থানার দক্ষিণ কচ্ছপিয়া এলাকায়। এ ঘটনায় আশিক (২৮) নামে আরেকজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চিটাগাং রোড এলাকায় ডেমরাগামী সড়কের মুখে অভিযান চালানো হয়। এ সময় ছাইদুর ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন, ৩০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা মাদক ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।




























