
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সজীব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে সদর উপজেলার গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজীব সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি তেলের গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সজীব গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদ নামের এক ব্যক্তির চায়ের দোকানে যান। সেখানে ১০ থেকে ১২ জনের একটি দল তাঁকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে সজীবের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে সজীবকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো অস্ত্রও উদ্ধার হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



























