
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রাণনাশ, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ কাওছার আহম্মেদ। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২০ জুন ২০২৬ তারিখে দৈনিক আলোকিত সকাল পত্রিকার অনলাইন সংস্করণে “জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকে বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম তার প্রতি ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে। আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন যে অভিযুক্ত ব্যক্তি তাকে মারধরের উদ্দেশ্যে লোকজন নিয়ে খোঁজাখুঁজি করছেন। এছাড়া উত্তরধানঘড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে লোকজনের সামনে সাংবাদিককে মারধরের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। জিডিতে আরও উল্লেখ করা হয়, “Alom Miya” নামের একটি ফেসবুক মেসেঞ্জার আইডি থেকে হুমকিমূলক বার্তা পাঠানো হচ্ছে। এসব ঘটনার কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন। সাংবাদিক মোঃ কাওছার আহম্মেদ বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একটি সংবাদ প্রকাশ করেছি। এরপর থেকে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করেছি। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, জিডির সঙ্গে হুমকিমূলক বার্তার স্ক্রিনশট, প্রকাশিত সংবাদের কপি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিকের ওপর হুমকি বা হয়রানির ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




























