
স্টাফ রিপোর্টারটাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত,প্রকৃতির নিয়ন্ত্রণে বয়ে চলা বিশাল জলরাশি। মানুষের হাতের নিয়ন্ত্রণ নেই। এখানে পানি ঢোকে এটাই স্বাভাবিক,আর চাষাবাদ বা অন্য কোনো হস্তক্ষেপ হাওরের প্রাকৃতিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে।গতকাল বৃহস্পতিবার, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া নজরখালি ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের জানান,আমরা বারবার বলছি,এখানে চাষাবাদ করা যাবে না। তবুও কিছু মানুষ নিয়ম অগ্রাহ্য করে চাষ করছেন। এই বিশাল হাওর যদি পানি ধারণ করতে না পারে, আশেপাশের অনুমোদিত চাষের জমিগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাই এখানে কোনো ফসল নেই, কোনো বাঁধ দেওয়ার প্রয়োজনও নেই।জেলা প্রশাসক কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন,যারা আমাদের পরামর্শ উপেক্ষা করে চাষ করেছেন, এবার তাদের ক্ষতি থেকেই বুঝতে হবে এই হাওরে ধান চাষ করা ঠিক নয়। ভবিষ্যতে তারা নিজেই সাবধান হবেন।পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফসল রক্ষা বাঁধ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।হাওরের নীরব জলরাশির পাশে দাঁড়িয়ে প্রকৃতির নিয়ম আর মানুষের সচেতনতার সংলাপ যেন স্পষ্ট হয়ে উঠল রামসার সাইট এই হাওরে পানি বয়ে চলে তার নিজস্ব ছন্দে,আর মানুষ শিখে যায় প্রকৃতির নিয়ম মেনে চলার মহত্ব।




























