
মোহাইমিনুল ইসলাম উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন ভূমি অফিস বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে তালাবদ্ধ অবস্থায় রয়েছল। সরকার ঘোষিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার কার্যক্রম চলমান থাকলেও সংশ্লিষ্ট অফিসে সেবা প্রদান বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা।সরেজমিনে দেখা যায়, অফিস কক্ষের দরজায় তালা ঝুলছে এবং সেবা নিতে আসা মানুষজন বাইরে অপেক্ষা করছেন। অনেকেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও কোনো সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।ধামশ্রেণী ইউনিয়নের ছোবান বাজার এলাকার মুকুল মিয়া বলেন, আমি জমির দলিল করবো ও খাজনা দেওয়ার জন্য কয়েকদিন ধরে অফিসে আসছি। আজ এসে দেখি অফিসে তালা ঝুলছে।অপর সেবাগ্রহীতা মো. মহুবর রহমান জানান,গত রবিবার খারিজের প্রতিবেদন দেওয়ার জন্য নথি জমা দিয়েছি। আজ এসে দেখি অফিস বন্ধ। ফোন দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।এ সময় অফিস সহায়ক হারুন রশীদকে অফিসের বাইরে অবস্থান করতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্যার এখনো আসেননি, তিনি উলিপুর অফিসে আছেন।এদিকে স্থানীয়দের অভিযোগ, খারিজ সংক্রান্ত প্রতিবেদনের জন্য ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হয়। টাকা না দিলে কাজ বিলম্বিত করা হয় বলেও অভিযোগ রয়েছে। খাজনা পরিশোধের ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ দাবি ও অনিয়মের মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে।তবে এসব অভিযোগের বিষয়ে ধামশ্রেণী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আইয়ুব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।





























