
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর (Bangla QR)’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি আয়োজন করেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জনতা ব্যাংক পিএলসি চিরিরবন্দর শাখার আয়োজনে ব্যাংক চত্বরে এ প্রচারণামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি বের করা হয় এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ‘বাংলা কিউআর’ ব্যবহারের সুবিধা নিয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
জনতা ব্যাংক পিএলসির দিনাজপুর এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান-এর সভাপতিত্বে প্রচারণামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের পরিচালক দেওয়ান সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসির রংপুর বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার-ইনচার্জ মো. মফিজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংক, রংপুরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানিন।
এ সময় প্রধান অতিথি দেওয়ান সিরাজ বলেন, “বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ। একটিমাত্র কিউআর কোডের মাধ্যমে সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। এর ফলে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমে, লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়। ‘বাংলা কিউআর’-এর ব্যবহার যত বাড়বে, ক্যাশলেস লেনদেন তত সম্প্রসারিত হবে”।
তিনি আরও বলেন, গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে জনতা ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
জনতা ব্যাংক পিএলসি জানিয়েছেন, ‘বাংলা কিউআর’-এর ব্যবহার বৃদ্ধি, ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




























