
এইচ এম আবু বকর সিদ্দিক বাউফল উপজেলা প্রতিনিধি :- পটুয়াখালীর বাউফলে এক যুবকের কাছ থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল ২৫ আগস্ট (২০২৬) মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা মাঈনুল ইসলাম (২৫) গৃহপালিত মহিষ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর গতিপথ রোধ করে এবং বেধড়ক মারধর করে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মাঈনুলকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন মোসা: মিতু আক্তার বাদী হয়ে বাউফল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিম, বাচ্চু, সালমান, সিয়াম ও শাওন। ঘটনার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা অভিযোগ করেন, "অভিযুক্তরা এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তারা পূর্বেও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি, চাঁদাবাজি এবং জোরপূর্বক জমি দখলের মতো ঘটনা ঘটিয়েছে। তাদের কারণে এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট হচ্ছে।"বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




























