
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শাহসুফী মাজার গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষনা করেন। ৫ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাঞ্চননগর শাহ্সুফি দরবার গেইটে কক্সবাজার অভিমুখী তিশা প্লাটিনা এসিবাস (ঢাকা-মেট্রো-ব-১২-৪৯৫৭) এর সাথে চট্টগ্রাম অভিমুখী নাম্বার বিহীন সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশা চালক সাইমুন হোসেন মায়ের (২০), যাত্রী যথাক্রমে তোফায়েল মোরসালিন (২২), সানজিদা আক্তার সুমাইয়া (২১), আব্দুল গফুর (৫৫), মো. আরিফ (৪২), গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী বিজিসি ট্রাষ্ট মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মোরসালিনকে মৃত ঘোষনা করেন।
অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালে নেয়ার পথে কাঞ্চনাবাদের আবদুল গফুর মারা যায় বলে জানিয়েছেন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ি ২টি জব্দ করা হয়। বাস চালককে আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার কারণে যানবাহন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও পরবর্তীতে স্বাভাবিক করা হয়।




























