
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ সড়ক দুর্ঘটনা রোধ, জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো এবং পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালাটি আজ দুপুর ১২টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাইবান্ধা সার্কেল কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ গাইবান্ধা সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় পেশাজীবী গাড়িচালকদের সড়ক নিরাপত্তা, নিরাপদ গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। কর্মশালায় বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। অতিরিক্ত গতি, অসতর্কভাবে গাড়ি চালানো এবং নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে অনীহা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট ব্যবহার এবং সব ধরনের যানবাহনের ক্ষেত্রে নিরাপদ গতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা আরও বলেন, একজন দক্ষ ও সচেতন চালক শুধু নিজের জীবনই নয়, সড়কে চলাচলকারী অন্যান্য মানুষের জীবনও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে চালকদের পেশাগত দক্ষতা আরও উন্নত করা প্রয়োজন। কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ফয়সাল হাসান, মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজল এবং ট্রাফিক পুলিশের ওসি আলতাফ হোসেনসহ সংশ্লিষ্টরা। কর্মশালায় পেশাজীবী গাড়িচালকদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি চালানো, নির্ধারিত গতিসীমা অনুসরণ, ট্রাফিক সংকেত ও আইন মেনে চলা এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।



























