
মো. একরামুল হক, স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একটি মুরগির ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী মো. হাসান আলীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তাঁর ডান হাতের কবজির ওপরের অংশ গুরুতর জখম হয়। পরে তাঁকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ঘটনার পর ব্যবসায়ী মো. আল আমিন রায়গঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২–৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৬৫ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিভিন্ন সময় বিভিন্ন পক্ষ এসে টাকা দাবি করে। টাকা না দিলে ভয়ভীতি ও হামলার ঘটনা ঘটে। তাঁরা নিরাপদে ব্যবসা পরিচালনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।অভিযুক্ত মো. সালমান একজনকে চড়-থাপ্পড় দেওয়ার কথা স্বীকার করলেও চাঁদা দাবির বিষয়টি স্পষ্ট করেননি। প্রধান অভিযুক্ত মো. লিটন অভিযোগ অস্বীকার করেছেন।রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























