
মোঃ রিপন মুনসী
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ ও জরুরি স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।
সভায় প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং অন্ধকার ও ঝুঁকিপূর্ণ এলাকায় হ্যালোজেন লাইট স্থাপনের সিদ্ধান্ত হয়। স্থানীয় পর্যায়ে গ্রাম পুলিশকে সম্পৃক্ত করে প্রয়োজনীয় কমিটি গঠন এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।
পূজা চলাকালে জরুরি যোগাযোগ ও পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম স্থাপন এবং হটলাইন চালুর বিষয়েও আলোচনা হয়। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, তল্লাশি জোরদার ও রাত্রিকালীন ভিজিল্যান্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পূজা মণ্ডপে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় মেডিকেল টিম গঠন ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সভায় বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে নির্ধারিত সীমার মধ্যে শব্দের মাত্রা রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আজান ও নামাজের সময়সূচির প্রতি সম্মান রেখে পূজার সময়সূচি সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমন্বয়ের কথা জানানো হয়।
এ ছাড়া পূজা মণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত হয়। প্রতিটি পূজা মণ্ডপে রেজিস্ট্রেশন বই সংরক্ষণ ও প্রয়োজনীয় তথ্য হালনাগাদ রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিঠু মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বসুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্টরা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবার সহযোগিতায় আমতলীতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর দুর্গোৎসব আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।





























