
মেহেদী হাসান (রামপাল)বাগেরহাট প্রতিবেদক!!
বাগেরহাটে সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় “তথ্য অধিকার ও জবাবদিহিতা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ধানসিঁড়ি সম্মেলন কক্ষে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মেহেরুন্নেছার সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইশরাত জাহান ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। এছাড়াও বাগেরহাট সদর ও রামপাল উপজেলার নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, নারী নেত্রী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নাগরিক” প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আমরাই পারি জোট (উই ক্যান), নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ও উদয়ন বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে। সভা সঞ্চালনা করেন আমরাই পারি জোটের কনসালট্যান্ট নজমুস সাকিব রুবেল।
সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এ জন্য নাগরিকদের তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহজে তথ্য প্রাপ্তির প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাগেরহাট সদর ও রামপাল উপজেলার চারটি ইউনিয়নসহ দেশের ১২ জেলার ৪৮টি ইউনিয়নে সুবিধাবঞ্চিত, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে “নাগরিক” প্রকল্প কাজ করছে।




























