
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সোমবার (৩১ আগস্ট) বিকেলে সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম। আলোচনায় অংশ নেন থানার পরিদর্শক (তদন্ত) মো. লিটন মিয়া, সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও প্রধান শিক্ষক রতন বড়ুয়া।
এ সময় বিএনপি নেতা মো. জারুল্লাহ, মীর মহিউদ্দিন, সিরাজুল ইসলাম, জাবের হোসেন চুনচু, আবুল কালাম, রফিকুল ইসলাম হিটু, ফয়েজুর রহমান লেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি নাজিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





























