
নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় চোর আখ্যা দিয়ে পল্টন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পুকুরের পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুপুরে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পল্টন ওই এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে।
নিহতের ভাই লবা ও এলাকাবাসী জানায়, মানসিক ভারসাম্যহীন পল্টন বিভিন্ন লোকজনদের কাছ থেকে হাত পেতে জীবিকা নির্বাহ করতো।
এলাকার খোকন ও নাঈমসহ কয়েকজন মিলে তাকে রাস্তা থেকে ডেকে নিয়ে মোবাইল চোর আখ্যা দিয়ে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে লাঠি দিয়ে পেটায়। পরে পুকুরের পানিতে চুবিয়ে তাকে হত্যা করে লাশ রাস্তায় ফেলে পালিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত লিপি বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।





























