
মোরশেদ আলম,চকরিয়া: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং স্টেশনের পরবর্তী এলাকায় মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি মো. মিজান (পূর্ণ পরিচয় জানা যায়নি)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা এবং পপুলার ঔষধ কোম্পানির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



































