
মোঃ সম্রাট আলী, দৌলতপুর
কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের দিন রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার গাছেরদিয়াড় গ্রামের উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাস ওই গ্রামের মো. ইউসুফের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ আগস্ট পারিবারিকভাবে দৌলতপুরের বাহেরমাদি গ্রামে আনাসের বিয়ে হয়। বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। নতুন বউকে ঘিরে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ-উৎসব চলছিল। রাতে বাড়িতে নাচ-গানের আয়োজনও করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাচের প্যান্ডেলে একটি স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসেছিলেন বর আনাস। হঠাৎ ফ্যানটি তাঁর শরীরের ওপর পড়ে যায়। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। ফ্যানটি শরীরের ওপর পড়ার পর সেটির মাধ্যমে আনাস বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
বিয়ের দিন রাতেই এমন মর্মান্তিক ঘটনায় পুরো গাছেরদিয়াড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একদিকে বিয়ের আনন্দ, অন্যদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে নববধূর জীবনেও নেমে এসেছে এক কঠিন বাস্তবতা।





























