
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
‘বিদ্রোহী’ কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বগুড়ার ধুনটে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় ধুনট শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট থানার তদন্ত কর্মকর্তা আব্দুস শুকুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেন, ধুনট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলিমদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের এক পর্যায়ে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন সংগীত পরিবেশন করে। তাদের কণ্ঠে নজরুলসংগীতের সুরে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা মুগ্ধ হন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য ও সংগীত আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য আজও অত্যন্ত প্রাসঙ্গিক।
তিনি বলেন, নজরুলের চেতনা ও সৃষ্টিশীলতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বাড়াতে হবে। এজন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, রচনা ও আলোচনা সভার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইউএনও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এতে তাদের মেধা ও মনন বিকশিত হওয়ার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে উঠবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নজরুল বর্ষের এ উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।





























