
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সৈকত (৭) নামের এক মাদ্রাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) সকালে উত্তর নরসিংপুরের বক্তাবলী সড়কে হাশেম স্পিনিং মিলের পাশে একটি পরিত্যক্ত স্থানে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সৈকত ভাঙারি ব্যবসায়ী আঞ্জুর ছেলে এবং স্থানীয় মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র।
পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।




























