
মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার এবং অবৈধ জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানে প্রশাসনিক ও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালিবকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ওসি আব্দুল মোত্তালিবের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “জেলায় অপরাধ দমন, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে আপসহীন অভিযান এবং মাদক নিয়ন্ত্রণে ডিবি পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।” ওসি আব্দুল মোত্তালিবের নেতৃত্বে ডিবির দায়িত্বশীল ও সাহসী কর্মকাণ্ড জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ ধরনের সম্মাননা কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। পাশাপাশি অপরাধ দমনে পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধ বাড়াতে এ স্বীকৃতি ইতিবাচক ভূমিকা রাখবে। পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি আব্দুল মোত্তালিবের নেতৃত্বে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ, জুয়া ও অবৈধ কর্মকাণ্ডের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে ডিবি ওসি আব্দুল মোত্তালিব বলেন, “পুলিশ সুপার মহোদয়ের এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। গাইবান্ধাকে মাদক, সন্ত্রাস ও অবৈধ জুয়ামুক্ত রাখতে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





























