
গাজীপুরে ৩৩.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তারগাজীপুরের কাশিমপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।
শুক্রবার দিবাগত রাতে কাশিমপুর এলাকার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান ফটকের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাহাবুদ্দিন মিয়া (১৯) ও রাব্বি খলিফা (২২)।
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুরের বিএডিসি ফটকের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুই মাদক কারবারিকে গ্রেপ্তার এবং গাড়ি ও মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




























