
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি আলমবিদিতর ইউনিয়নের কুটিরঘাট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। একই দিনে কচুয়া টেপারহাট সড়কের সুইচ গেট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত আরেকটি সড়ক উন্নয়ন কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়া বেতগাড়ী ইউনিয়নের সাতানী শেরপুর এলাকায় গফুরের মোড় থেকে পুটিমারী পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি।
জানা গেছে, সড়ক তিনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গঙ্গাচড়া কর্তৃক বাস্তবায়িত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান বলেন, অনেকে ধারণা করেছিলেন, এখানে উন্নয়ন হবে না। আমরা কাজের মাধ্যমেই সেই ধারণার জবাব দিতে চাই।
সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, গঙ্গাচড়ার প্রতিটি ইউনিয়নের উন্নয়ন আমাদের অগ্রাধিকার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে মানুষের জীবনমান সহজ হবে। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, মিডিয়া বিভাগের প্রধান আশরাফুল আলমসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, এসব সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।



























