
জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর নাতনি গুরুতর আহত হয়েছে। শনিবার (১৬ মে)দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওরের মাটিকাঁপা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিলারা বেগম (৫৪) ওই এলাকার মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। আহত হাবিবা আক্তার (১৪) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় তারা হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নেওয়ার চেষ্টা করে। হাবিবার চিৎকার শুনে তাঁর মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর হাতে কামড় দেয়। একপর্যায়ে হাবিবা চিৎকার করতে থাকলে তাকে ছুরিকাঘাত করা হয়। চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বের হয়ে আসেন দিলারা বেগম। তিনি দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাঁর বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হাবিবা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে অথবা কিশোরীকে অপহরণের উদ্দেশ্যে এ হামলা হয়ে থাকতে পারে। তবে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।





























