
সাআদ মাহমুদ। হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ৭৫০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) হালুয়াঘাট সদর ইউনিয়নের দক্ষিণ খয়ড়াকুড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমদ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে দেওয়া এক পোস্টে অভিযানের বিষয়টি জানান। স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান খান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় চায়না দুয়ারী জালের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে বিভিন্ন নামা এলাকায় এ ধরনের জাল ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে মাছের পোনাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ নির্বিচারে ধরা পড়ছে। এতে দিন দিন দেশীয় মাছের প্রাপ্যতা কমে যাচ্ছে এবং একসময় অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, চায়না দুয়ারী জালে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও মাছের পোনা আটকা পড়ে। ফলে স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ায় দেশীয় মাছের বংশবিস্তার হুমকির মুখে পড়ছে। নিষিদ্ধ এ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।





























