
মোঃ রায়হান মাহামুদ :
গাজীপুরের কালীগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী (ম্যাজিক) জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে ১০২টি চায়না ম্যাজিক জাল ও ৫৫টি কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার ৩১ আগস্ট বেরুয়া ব্রিজ সংলগ্ন বেলাই বিলে কালীগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু।
অভিযানকালে বিলে মাছ ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ ১০২টি চায়না দুয়ারী (ম্যাজিক) জাল ও ৫৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো স্থানীয়দের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, নিষিদ্ধ জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সম্পা রানী কুন্ডু জানান, মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী (ম্যাজিক) জাল, কারেন্ট জালসহ অন্যান্য ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে উপজেলা মৎস্য দপ্তরের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





























