
মোঃ রায়হান মাহামুদ :
বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সভায় বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবির বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর পুরো জীবন উৎসর্গ করেছেন। তিনি ছিলেন আপসহীন নেত্রী এবং নির্যাতিত-নিপীড়িত মানুষের কণ্ঠস্বর।
উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণমানুষের নেত্রী। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের মানুষের কথা চিন্তা করে রাজনীতি করেছেন এবং বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের ত্যাগী নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি ও দলের নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সাদামাটা ও মানবিক মনের একজন মানুষ। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রাখবে।
অনুষ্ঠানে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. জয়নাল আবেদীনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে পবিত্র মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।





























