
।
মোতালেব হোসেন(কুমিল্লা)।।
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের একযোগে অভিযানে ৩৭৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এবং সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়।
অভিযানে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। অভিযানে আটক ৩৭৯ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।





























