
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীতে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে একটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন গাজীপুর এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে জয়দেবপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।আদালত সূত্রে জানা যায়, জয়দেবপুরের বিআইডিসি বাজার এলাকার ‘জাহিদুল প্লেইন কেক’ নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই-এর সিএম লাইসেন্স ছাড়াই প্লেইন কেক উৎপাদন এবং মিথ্যা তথ্যে তা বিক্রয় ও বিতরণ করে আসছিল মালিক অহিদুল ইসলাম খান। এই অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত পণ্য মোড়কজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি মামলায় প্রতিষ্ঠানটিকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানটি গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ এবং আহমেদ আলী আদনান-এর যৌথ নেতৃত্বে পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. ফাহাদ আহমেদ এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. আফসানা ইসলাম কেয়া।বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে গাজীপুর এলাকায় বিএসটিআই-এর এ ধরনের ভেজালবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























