
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি : জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিবন্ধনের গুণগত মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি, গুণগত মান উন্নয়ন এবং কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা, সঠিক তথ্য যাচাই এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নিবন্ধন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় সহকারী প্রোগ্রাম অফিসার মাহফুজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম, সাংবাদিক এবং উপজেলার ১০টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





























