
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুলাই) মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমারঞ্জন সরকারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আজিমুল ইসলাম ও অজয় কুমারের যৌথ সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান এবং মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সঞ্জয় ঘোষ। এছাড়া আরও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার ও মোশাহিদ তালুকদারসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থার মান বাড়াতে নিরলসভাবে কাজ চলছে এবং খুব দ্রুতই হাওর এলাকায় শিক্ষার মানের ইতিবাচক পরিবর্তন আসবে।
শুভ্র/




























