
মোঃ ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ সময় ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, এসআই সুমন তালুকদারের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ মাসুদ, এসআই আব্বাস কবির, এএসআই মহসিন আলম, এএসআই তানজিদ, এএসআই কাজী সুলতান আহাম্মেদসহ সঙ্গীয় ফোর্স ১৬নং ধামঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকায় মিজানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই ঘটনায় মিজানুর রহমান (৪৭) ও তার স্ত্রী মুর্শিদা (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এদিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজনকে আদালতে পাঠানো হলে আদালত মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন—নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের মোঃ আদু মিয়া ওরফে আদম ওরফে আদু (৩২), মোঃ সিয়াম (২০) এবং মোঃ মহসিন (২১)।অপরদিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার অপর নয়জনকে আগামীকাল বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের তথ্যমতে, অভিযানে গ্রেপ্তার ১৪ জনের মধ্যে তিনজনকে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, নয়জনকে মাদক সেবনের অপরাধে আদালতে পাঠানো হচ্ছে এবং মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হচ্ছে।মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।




























