
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণের দায়ে দুটি যানবাহনকে মোট দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যানবাহন দুটির দুটি হর্ন জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী যানবাহন দুটিকে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার অভিযানে প্রসিকিউশন দেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এবং পরিবেশদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























