
নারায়ণগঞ্জের কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা তেলের মূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।
রোববার (১২ এপ্রিল) ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা এই অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।
জব্দ করা জ্বালানি তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ ছাড়া অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।





























