
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে বুলবুল নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার কলাদিয়া বাজারে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এ অর্থদণ্ড প্রদান করেন।জানা গেছে, জরিমানাকৃত বুলবুল পাটুয়াভাঙা ইউনিয়নের কলাদিয়া বাজারের একজন মুদি দোকানি এবং খুচরা জ্বালানি তেল বিক্রেতা। অভিযানকালে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে এই জরিমানা করা হয়।এদিকে একই অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার দায়ে দ্বীন ইসলাম নামে আরও এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা জ্বালানি বিক্রেতাদের প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং কেউ যেন অবৈধভাবে জ্বালানি মজুত বা অতিরিক্ত দামে বিক্রি করতে না পারে সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।



























