
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজার আয়োজন ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পূজামণ্ডপ গুলোতে নগদ অর্থ সহযোগিতা করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকার, গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান সোহাগ, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, সাধারণ সম্পাদক শাহিন কাউসার, উপজেলা যুবদলের আহ্বায়ক সময় হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় পূজামণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে দেখা যায়।
এমপি আব্দুল আজিজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদে ডেকে নিয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। গুরুদাসপুরের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে আমরা পাশে আছি। সবাই মিলেমিশে আনন্দের সঙ্গে পূজা উদ্যাপন করবেন এটাই আমাদের প্রত্যাশা।





























