
।
মোঃ আশিকুর সরকার (রাব্বি)
রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্লাব সমিতির দীর্ঘদিনের বেদখল হয়ে থাকা ১২ শতাংশ জমি উদ্ধার ও ব্যবহার উপযোগী করা হয়েছে। সদর দপ্তরের নির্দেশনায় এবং কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার দুটি পৃথক ইউনিয়নে এই জমি উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে মহাসড়ক সংলগ্ন ৯ শতাংশ এবং রাজারহাট ইউনিয়নের চান্দামারী গ্রামে দীর্ঘদিন ধরে অন্যায্যভাবে দখল হয়ে থাকা ৩ শতাংশ জমি উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশিক্ষক জনাব মোঃ উজ্জল হোসেনের উদ্যোগে উদ্ধারকৃত জমিগুলোতে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়। প্রাথমিক পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যদের সহায়তায় জমিগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং সরকারি আমিনের মাধ্যমে সঠিক পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হয়। চূড়ান্ত পর্যায়ে ডিজিটাল ব্যানার স্থাপন ও আনুষঙ্গিক কার্যক্রমের মাধ্যমে জমিগুলোকে ক্লাব সমিতির ব্যবহারের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়। এই জমি উদ্ধার ও সংস্কার কার্যক্রমে নাজিমখান ও রাজারহাট ইউনিয়নের দলনেতা, দলনেত্রী, আনসার প্লাটুন কমান্ডার, সহকারী প্লাটুন কমান্ডারসহ স্থানীয় প্রায় ২৫ জন ভিডিপি সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বেচ্ছাশ্রম প্রদান করেন। এ বিষয়ে স্থানীয় আনসার-ভিডিপি কর্মকর্তা ও সদস্যরা জানান, ক্লাব সমিতির নিজস্ব জমি বেদখলমুক্ত হওয়ায় আনসার-ভিডিপি বাহিনীর সাংগঠনিক কার্যক্রম বেগবান হবে। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।





























