
সোহাগ রানা রাজবাড়ী :রাজবাড়ীর গোয়ালন্দে ঝুটবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের দিকে যাচ্ছে। পরে ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের একটি ঝুটবোঝাই টাটা কার্গো ট্রাক থামিয়ে চালক, হেলপার ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁরা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তিনজনকে আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীরপাড় এলাকার মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার মো. আরিফ হোসেন (৩২)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালকের পেছনের বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন আনুমানিক তিন কেজি।
এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১২ টনের একটি টাটা কার্গো ট্রাক এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোনগুলোর মধ্যে রয়েছে রেডমি-১২-৫জি, টেকনো কেএম৫ ও উইনস্টার ডব্লিউ৫০০এমআইডি বাটন ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ট্রাকচালক ও হেলপারের সহায়তায় যশোরে নেওয়া হচ্ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৯(গ)/১০(গ) অনুযায়ী গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন রাজবাড়ী জেলা পুলিশ।





























