
মাসুম বিল্লাহ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
"আমিই শক্তি, আমিই মুক্তি" স্লোগানে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে পোনামাছ অবমুক্তকরণ ও ইউএনও বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, রাঙ্গাবালী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও সাধারণ সম্পাদক হারুন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মৎস্য দপ্তর জানায়, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও জলাশয় ভরাটের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এর আগে একই দিনে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোশাররফ হোসেন বলেন, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাঙ্গাবালীর মতো প্রত্যন্ত অঞ্চলেও আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। রাঙ্গাবালীর হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত হবে। প্রশাসনিক অবকাঠামো উন্নত হলে জনগণ আরও দ্রুত সেবা পাবে।"
এছাড়াও তিনি বিকাল ৫:৩০ টায় রাঙ্গাবালীর মৌডুবী ইউনিয়নে পথসভা করেন। এই পথসভায় নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দেওয়া ফ্যামিলি কার্ড,কৃষি কার্ড ও ইমাম, মুয়াজিন, খাদেমদের ভাতা দেওয়র কাজ ইতি মধ্যে শুরু হয়েছে বলেন।





























