
একরামুল হক, স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জের রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে তিন ইউনিয়নের ছয়জন সাব-ডিলারের সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ধুবিল ইউনিয়নের সাব-ডিলার আফসার আলী তালুকদার, মমতাজ উদ্দিন, বানসা রাম ও জাহিদুল ইসলামের সার বরাদ্দ বন্ধ করা হয়েছে।এ ছাড়া ব্রহ্মগাছা ইউনিয়নের সাব-ডিলার হাবিবুর রহমানের সাব-ডিলার হিসেবে মো. আব্দুল মমিন এবং ধানগড়া ইউনিয়নের সাব-ডিলার জাফর ইকবাল খান রিপনের সাব-ডিলার হিসেবে সুমন আহমেদের সার বরাদ্দও বন্ধ রাখা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম বলেন, সার বিক্রিতে অনিয়মের কারণে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ছয়জন সাব-ডিলারের সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।তিনি আরও বলেন, এসব সাব-ডিলারের আওতাধীন কৃষকেরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মূল ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করবেন।





























