
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে ফারিয়া স্পিনিং মিলস লিমিটেডকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (১১ অক্টোবর) উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভার আওতাধীন কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বিধি ৮ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























