
স্টাফ রিপোর্টার: সাংবাদিকের কলম সত্যের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়—কিন্তু সেই কলমের মানুষকেই যখন গুলিতে প্রাণ দিতে হয়,তখন তা শুধু একটি পরিবারের নয়,পুরো সাংবাদিক সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এআর জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মহসিন রেজা মানিক,এনটিভির নিজস্ব প্রতিবেদক দেওয়ান গিয়াস চৌধুরী, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এবং যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তাঁরা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।





























