
সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ মুক্ত করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় অবস্থিত ‘সি স্টেজ বিডি লিমিটেড’ কারখানার শ্রমিকরা এই অবরোধ তৈরি করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গত ১০ অক্টোবরও শ্রমিকরা বিক্ষোভ করেছিলেন। সে সময় কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা রক্ষা করেনি। আজ বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে দেখেন কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে ৮টার দিকে শত শত শ্রমিক কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকরা বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের আকস্মিক এই অ্যাকশনে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা মহাসড়ক ছেড়ে চলে যান। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারখানা থেকে যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার একটি গুজব ছড়ানোর পর শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মালিকপক্ষের সাথে কথা বলে দ্রুত বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।





























