
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। এতে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্যসচিব সোহেল রানা, বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা ও জাফর চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সদস্যসচিব আজমল হোসেন খান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে উপজেলার ৪৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। এ ছাড়া দরিদ্র মানুষের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।





























