
আব্দুর রশিদ মোল্লা,
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে বুধবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন এবং ৩ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্যমতে, খালপাড়ায় এক শিশুকে শাসনের ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ৫ জন আহত হন। আহতরা হলেন- লিলি বেগম, রসূল মুন্সি, মোঃ ছমির, পাঞ্জাব ও মোঃ রিপন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর থানার এসআই সুবির বলেন, "হাসপাতাল থেকে দুই পক্ষের ৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"





























