
স্টাফ রিপোর্টারঃগাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ। আজ সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ ঘটনার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। সাংবাদিক জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো। বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীপুরের তালতলী এলাকায় একটি জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় আইন উদ্দিন ও তার ছেলে আলমাছ উদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জেরে গাজীপুর আদালতে সাংবাদিক জহিরুল ইসলামকে প্রধান আসামি করে একটি ফৌজদারি মামলা (নং-২৫১২/২৬) দায়ের করা হয়। মামলাটিতে শাহনাজ নামের এক ব্যক্তিকে বাদী করা হয়েছে। জহিরুল ইসলাম ছাড়া এই মামলায় হুমায়ূন রশিদ, জসিম উদ্দিন ও ইসমাইল হোসেন নামের আরও তিনজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক জহিরুল ইসলাম জানান, গত ৩ অক্টোবর সংবাদ সংগ্রহের সময় আলমাছ উদ্দিন সেলিম তাকে মারধর, খুন ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিলেন। ওই সময়ই তিনি নিজের নিরাপত্তা চেয়ে শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২২৯) করেছিলেন। সেই হুমকির ধারাবাহিকতাতেই এই মিথ্যা মামলাটি করানো হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা না হলে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কার্ড ১০৪





























