
স্টাফ রিপোর্টার ২৬শে মার্চ মহান স্বাধীনতার ৫৫তম সূর্যোদয়,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। সকাল থেকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বেজে উঠেছে স্বাধীনতার সুর। জাতীয় পতাকা গর্বের সঙ্গে উত্তোলিত হয়েছে,বাতাসে ভাসছে বীরত্বের গন্ধ।জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেয় জেলা পুলিশ,আনসার-ভিডিপি, কারারক্ষী,ফায়ার সার্ভিস,স্কাউট সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।পদক্ষেপে পদক্ষেপে বাজে স্বাধীনতার ছন্দ,চোখে ঝলকায় জাতির সাহসী সন্তানদের দৃঢ় মনোবল।জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন প্যারেড পরিদর্শন ও অংশগ্রহণকারী দলের অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক-শিক্ষার্থী এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাদের ত্যাগের প্রতি।মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এ আয়োজন নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানায়। সুনামগঞ্জের এই অনুষ্ঠান মনে করিয়ে দেয় স্বাধীনতা শুধু অর্জন নয়,এটি রক্ত, বীরত্ব এবং চিরন্তন শ্রদ্ধার গল্প।




























