
মোহাইমিনুল ইসলাম উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হরিজন, রবীদাস ও বেদে সম্প্রদায়ের ১২৫ জন নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান, উপজেলা আনসার কমান্ডার সুলতানা রাজিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেবা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে প্রশাসন সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত। তবে তাদেরও এগিয়ে আসতে হবে। তারা আবেদন করলে তাদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সহযোগিতা করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার আনন্দে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে সম্পৃক্ত করা এবং তাদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।





























