
মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
সাপ সম্পর্কে মানুষের মধ্যে প্রচলিত ভীতি ও ভুল ধারণা দূর করতে চট্টগ্রামের আনোয়ারা হিলটপ পার্কে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক কর্মসূচি। শুক্রবার (৬ নভেম্বর) স্নেক রেসকিউ টিম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে সাপের প্রজাতি ও বৈশিষ্ট্য, বিষধর ও নির্বিষ সাপ শনাক্তকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের ভূমিকা এবং সাপের কামড় প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাপের মুখোমুখি হলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সাপে কাটলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
এ সময় রাজু আহমেদ বলেন, সাপ সম্পর্কে মানুষের মধ্যে দীর্ঘদিনের ভীতি ও নানা ভুল ধারণা রয়েছে। এসব ধারণা দূর করতে প্রয়োজন সঠিক তথ্য, প্রশিক্ষণ ও জনসচেতনতা। সাপ দেখলেই মেরে ফেলার প্রবণতা বন্ধ করতে হবে। সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মানুষ ও সাপের সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।






































