
মামুন শেখ রূপসাঃ
খুলনার রূপসায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের পেছনে বসা এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে রূপসা থানাধীন রূপসা ঘাট থেকে কুদিরবটতলার মধ্যবর্তী আমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী হলেন লিলি কুন্ডু (৪৯)। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার গোরম্বা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলা ইউএনও অফিসের পেছনে বসবাস করতেন। তার স্বামীর নাম অমর কুন্ডু। জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ আই হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গে খুলনা মেট্রো-হ ১৪-৫২৭৫ নম্বরের মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন লিলি কুন্ডু। পথে আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫ নম্বরের একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হন তার স্বামী অমর কুন্ডু। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক বাস ও এর চালককে রূপসা থানাধীন কুদিরবটতলা এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




























