
গাজী হাবিব, সাতক্ষীরা:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে কোস্ট গার্ডের ৩ হাজার ৫০০ সদস্য নিয়োজিত রয়েছেন। এর মধ্যে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলীয় এলাকায় ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছেন সদস্যরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপকূলীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান এসব তথ্য জানান।
এসময় তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায়ও বাহিনীটি দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোস্ট গার্ডের আওতাধীন এলাকাগুলোর পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পূজার শুরু থেকেই সদস্যদের মোতায়েন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।
কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বুধবার প্রতিমা বিসর্জনকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কোস্ট গার্ড মহাপরিচালক। বিসর্জনস্থলে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, প্রতিমা বিসর্জনের সময় নদী বা জলাশয়ে নামার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান আশা প্রকাশ করেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।
নিরাপত্তা পরিদর্শনকালে কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





























