
মোঃ সোহরাব উদ্দিন মণ্ডল, গাজীপুর দর্শকদের উপচে পড়া ভিড়, দুই দলের টানটান লড়াই আর উত্তেজনাপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরের কাশিমপুরের গিয়াস উদ্দিন সরকার ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে গাছা অঞ্চল-৩-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টঙ্গী অঞ্চল-১। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই গোল করতে ব্যর্থ হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে একাধিক সুযোগ তৈরি হলেও গোলশূন্য ড্রয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। পরে টাইব্রেকারে জয় নিশ্চিত করে টঙ্গী অঞ্চল-১। ফাইনাল খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই কাশিমপুর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেলে খেলা শুরুর আগে থেকেই মাঠে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। কাশিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা খেলা দেখতে আসেন। দর্শকদের করতালি ও উল্লাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। এ ছাড়া সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের এ উদ্যোগ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসারেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে সহায়ক হতে পারে।





























